মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

চট্টগ্রামে স্ত্রীর ফাঁস নেয়ার মুহুর্ত ভিডিও করছিলেন স্বামী, অতঃপর…

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জিন্নাত আরা বেগম (২৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তাঁর স্বামী মো. ওমর ফারুককে (৩০) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গত রোববার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামে স্বামীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী।

পুলিশ জানায়, ঘটনার সময় গৃহবধূ আত্মহত্যার প্রস্তুতি নেওয়ার দৃশ্য স্বামী নিজের মুঠোফোনে ধারণ করেছিলেন। পরে তাঁর ফোন থেকে ওই ভিডিও উদ্ধার করা হয়। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

নিহত জিন্নাত আরা বেগম বাঁশখালী উপজেলার জলদি মিয়ার বাজার এলাকার মো. হোসেনের মেয়ে। প্রায় দুই বছর আগে আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামের বাসিন্দা মো. ওমর ফারুকের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের আট মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে বাবার বাড়ি বাঁশখালী থেকে শ্বশুরবাড়িতে ফেরেন জিন্নাত আরা। স্বর্ণ বন্ধক রাখা নিয়ে স্বামীর সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হয়। রোববার স্বামী বাড়ির বাইরে থাকার সময় তিনি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। পরে আত্মহত্যার চেষ্টা করলে বাইরে থাকা স্বামী জানালা দিয়ে মুঠোফোনে ভিডিও ধারণ করেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং স্বামীকে আটক করে। পরে তাঁর ব্যবহৃত মুঠোফোন জব্দ করে ভিডিওটি পাওয়া যায়।

ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি আত্মহত্যার ভিডিও ধারণের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page