শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

বোরকা-নেকাব পরে তেল নিতে গিয়ে জনতার হাতে ধরা যুবক

নওগাঁর পত্নীতলায় বোরকা ও নেকাব পরে নারী সেজে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে ধরা পড়েছেন এক যুবক। তবে পর মুহূর্তেই ঘটনাস্থলে থাকা জনগণের তোপের মুখে সেখান থেকে তাকে নিরাপদে পাঠিয়ে দেওয়া হয়। পরে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে বুধবার রাতে উপজেলার নজিপুর বাজার এলাকার ‘মামুন ফিলিং স্টেশনে’ এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

তবে তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ভাইরাল হওয়া ৫৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, বোরকা ও নেকাব পরে এক ব্যক্তি এগিয়ে হেটে একটি মোটরসাইকেলে ওঠে। এসময় তার চারপাশে থাকা লোকজন তাকে ঘিরে বিদ্রুপ মন্তব্য করছে। একপর্যায়ে মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বোরকা পরিহিত ওই ব্যক্তি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাতে পাম্পে গ্রাহকদের প্রচুর ভিড় ছিল। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল নিতে হয়েছে যানবাহন চালকদের। এমন পরিস্থিতিতে তেল বিক্রি এবং পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় তাদের। হঠাৎ করে বোরকা পরে এক যুবক তেল নিতে আসেন পাম্পে। বিষয়টি প্রথমেই ধরে ফেলেন সাধারণ মানুষ। পরে পরিস্থিতি উত্তেজনার দিকে গেলে ওই যুবককে দ্রুত সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয়।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মেসার্স মামুন ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী অভি হোসেন।

অভি হোসেন জানান, তেল সংকটের ফলে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করে তেল নিতে হচ্ছে সাধারণ মানুষকে। নারীদের ক্ষেত্রে আগে তেল পাওয়ার আশায় হয়তো তিনি এই কাজ করেছেন। পরে ফিলিং স্টেশনে থাকা মানুষজন তাকে ধরে ফেলেন। পরিস্থিতি উত্তেজনার দিকে গেলে ওই যুবককে সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয়।

পত্মীতলা থানার ওসি নিয়ামুল হক জানান, ঘটনাস্থলে পুলিশ ছিল। দ্রুত সবকিছু ঘটে গেছে। তাই এ বিষয়ে তাৎক্ষণিক জানতে পারিনি। পরে সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। এমন ঘটনা যেন আর না ঘটে সবাইকে সতর্ক থাকতে বলা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page