কক্সবাজারে মায়ের পরকীয়া সম্পর্কের জেরে এক যুবককে হত্যার ঘটনায় মাত্র দুই ঘণ্টার মধ্যে মূল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কাঠের বাটামও উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) সকালে কক্সবাজার সদর মডেল থানায় নিহত আজিমের বড় ভাই মোহাম্মদ আব্দুল্লাহ হত্যার সংবাদ দিলে তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে পুলিশ। থানার অফিসার ইনচার্জ মো. ছমিউদ্দিনের নেতৃত্বে একটি টিম দুপুর আনুমানিক ১টার দিকে ঝিলংজা দক্ষিণ মুহুরীপাড়ার পাতাবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে মূল আসামি রবিউল হোসাইন ওরফে রবিকে (২৬) গ্রেফতার করে।
পুলিশ জানায়, গত ২ এপ্রিল দুপুরে আসামির বাড়ির সামনে এনজিওর কিস্তির টাকা নিয়ে ভিকটিম আজিমের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রবিউল হোসাইন পাশ থেকে একটি কাঠের বাটাম নিয়ে আজিমের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
ঘটনার পরদিন সকালে বিষয়টি নিশ্চিত হয়ে নিহতের পরিবার থানায় অভিযোগ দিলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে।
এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
